সঠিকভাবে ব্যাডমিন্টন র‍্যাকেট ধরার কৌশল
সঠিকভাবে ব্যাডমিন্টন র‍্যাকেট ধরার কৌশল

ব্যাডমিন্টন খেলার দক্ষতা শুধু ভালো র‍্যাকেটের ওপর নির্ভর করে না, বরং নির্ভুল র‍্যাকেট গ্রিপই হলো পারফরম্যান্সের মূল ভিত্তি। অনেক সময় খেলোয়াড়রা খেয়ালই করেন না যে, ভুলভাবে র‍্যাকেট ধরা তাদের শটের শক্তি ও নিয়ন্ত্রণ দুটোকেই নষ্ট করছে! চলুন জেনে নিই সঠিকভাবে ব্যাডমিন্টন র‍্যাকেট ধরার নিয়ম এবং কোন গ্রিপ কখন ব্যবহার করবেন।

 ফোরহ্যান্ড গ্রিপ: ফোরহ্যান্ড গ্রিপ হলো ব্যাডমিন্টনের সবচেয়ে মৌলিক ধরন। এটি এমনভাবে ধরতে হয় যেন আপনি কাউকে হাত মেলানোর জন্য র‍্যাকেট বাড়াচ্ছেন।

যেভাবে ধরবেন: র‍্যাকেটটিকে পাশে রাখুন, যেন র‍্যাকেটের মুখ মাটির দিকে সামান্য কোণে থাকে। হাত দিয়ে র‍্যাকেটের হাতলটি এমনভাবে ধরুন যেন আপনার বৃদ্ধাঙ্গুল ও তর্জনী মিলে একটি “V” আকৃতি তৈরি করে। তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝে সামান্য ফাঁক রাখুন। গ্রিপটি যেন শক্তভাবে হয়, কিন্তু অতিরিক্ত টানটান নয়, নমনীয়তা বজায় রাখুন। এই গ্রিপটি স্ম্যাশ, ক্লিয়ার ও ড্রপ শটের জন্য উপযুক্ত।

 ব্যাকহ্যান্ড গ্রিপ: প্রতিপক্ষের শক্তিশালী বল খেলতে এ সময় প্রয়োজন ব্যাকহ্যান্ড গ্রিপ।

যেভাবে ধরবেন: ফোরহ্যান্ড গ্রিপ থেকে হাতটিকে সামান্য বাঁ দিকে ঘোরান (ডানহাতিদের জন্য ঘড়ির কাঁটার বিপরীতে)। বৃদ্ধাঙ্গুলটি র‍্যাকেটের ফ্ল্যাট অংশে রাখুন যেন এটি নিয়ন্ত্রণে সাহায্য করে। বাকি আঙুলগুলো ঢিলে ভাবে হাতলে রাখুন। এই গ্রিপটি ব্যাকহ্যান্ড ড্রাইভ, নেট লিফট ও ব্যাককোর্ট শটের জন্য উপযুক্ত।

অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রিপ যেমন- বেভেল ও প্যানহ্যান্ডেল বেভেল গ্রিপ। এটি ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডের মাঝামাঝি একটি গ্রিপ, যা নেটের কাছাকাছি দ্রুত শট খেলতে ব্যবহৃত হয়।

প্যানহ্যান্ডেল গ্রিপ: এই গ্রিপে হাতটি এমনভাবে ধরা হয় যেন আপনি ফ্রাইপ্যান ধরেছেন। এটি বিশেষ করে নেট কিল বা ড্রপ শটে কাজে লাগে। সঠিকভাবে র‍্যাকেট ধরার কৌশল আয়ত্ত করতে পারলেই আপনি খেলায় এক ধাপ এগিয়ে যাবেন। অনুশীলনের সময় শুধু শট নয়, গ্রিপের আরাম ও নিয়ন্ত্রণেও মনোযোগ দিন — দেখবেন, আপনার প্রতিটি শট আগের চেয়ে আরও নিখুঁত ও শক্তিশালী হয়ে উঠছে!

This platform is proudly developed and supported by Trenza Softwares