আমাদের কথা
আমাদের কথাঃ

অনলাইনে পড়ালেখা, প্রোগ্রামিং কিংবা রান্না শেখার ধারণা এখন আর নতুন কিছু নয়। কিন্তু খেলাধুলা? মুঠোফোন বা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে কেউ ক্রিকেটের কভার ড্রাইভ শিখছেন, কিংবা শিখছেন ফুটবলে ফ্রি কিকের কৌশল; শুনলে অনেকেই হয়তো নড়েচড়ে বসবেন। স্রেফ ভিডিও টিউটোরিয়াল নয়, অনলাইনে খেলাধুলা শেখাতে একাধিক কোর্সও চালু করেছে ‘খেলবেই বাংলাদেশ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম। মাঠ খোঁজা থেকে শুরু করে প্রশিক্ষণ, খেলার সামগ্রী,  টুর্নামেন্টের খবর, অভিজ্ঞ কোচদের পরামর্শ—সব পাওয়া যায় তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে

‘খেলবেই বাংলাদেশ’–এর প্রতিষ্ঠাতা কাজী সাবির। ছোটবেলা থেকেই তিনি জড়িয়ে ছিলেন খেলাধুলার নানা শাখায়। জাতীয় পর্যায়ে স্কেটিং করেছেন, বয়সভিত্তিক দলের হয়ে করেছেন ভারত সফর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাস্কেটবল খেলেছেন। এরপর মার্কিন দূতাবাসে চাকরির সুবাদে তাঁর পরিচয় হয় বেশ কজন তরুণ উদ্যোক্তার সঙ্গে। তখন থেকেই ভাবছিলেন, ‘খেলাধুলা যেহেতু ভালোবাসি, এটা নিয়ে একটা কিছু করা যায় কি না।’ এভাবেই মাথায় আসে ‘খেলবেই বাংলাদেশ’–এর ধারণা।

শুরুটা কীভাবে হলো? ‘খেলাধুলা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও আমরা বিষয়টা নিয়ে সেভাবে ভাবি না। ঢাকায় মাঠে খেলার তেমন সুযোগ নেই। ঢাকার বাইরের ছোটবড় শহরে সুযোগ থাকলেও সবার প্রবেশাধিকার থাকে না। সব মিলিয়ে খেলাধুলার সঙ্গে দিন দিন একটা দূরত্ব হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন স্কুলে কাজ করতে গিয়ে দেখেছি, ছেলেমেয়েদের খেলার প্রতি ভীষণ আগ্রহ আছে। কিন্তু ঠিকমতো বলটাও ছুড়তে পারে না। তখন আমার মনে হয়েছে একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। যেখানে খেলার সব তথ্য পাওয়া যাবে। খেলা শেখার সব রকম সুযোগ থাকবে। আর একজন শিক্ষার্থী দেশসেরা কোচদের কাছে পৌঁছাতে পারবে। এসব বিষয় মাথায় রেখেই ২০২০ সালে আমরা খেলবেই বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু করি।

যোগাযোগঃ

connect@khelbei.com




This platform is proudly developed and supported by Trenza Softwares