ফুটসাল কেমন খেলা? জানুন এর ইতিহাস!
ফুটসাল কেমন খেলা? জানুন এর ইতিহাস!

এই খেলাটি ছোট মাঠের বড় খেলা হিসেবে পরিচিত। যেখানে গতি, কৌশল আর সৃজনশীলতা একসাথে মিশে যায়—সেখানে জন্ম নেয় এক অনন্য খেলার নাম, ফুটসাল। অনেকেই একে ইনডোর ফুটবল বলে থাকেন, তবে ফুটসাল শুধুই ফুটবলের একটি ছোট সংস্করণ নয়, বরং এটি নিজেই একটি পূর্ণাঙ্গ খেলা, যার রয়েছে নিজস্ব ইতিহাস, নিয়ম, সৌন্দর্য এবং বৈশিষ্ট্য।

কী এই ফুটসাল?

ফুটসাল হলো পাঁচজন করে দুই দলের একটি ইন্ডোর ফুটবল খেলা, যা ছোট, শক্ত মাটির মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবলের মতো এই খেলায়ও পাস, গোল, কৌশল সবই রয়েছে, তবে পরিবেশটা একটু ভিন্ন, নেই ঘাসের মাঠ, নেই বিশাল মাঠজুড়ে ছুটে চলা খেলোয়াড়দের দল। তার বদলে আছে কনক্রিট বা কাঠের শক্ত মেঝে, একটি ছোট ও ভারি বল, এবং সীমিত জায়গায় খেলা দ্রুতগতির এক যুদ্ধ।

নিয়মেও একটু ব্যতিক্রম!

ফুটসাল খেলায় প্রতি দলে পাঁচজন খেলোয়াড় থাকেন, যার মধ্যে একজন গোলরক্ষক। এই খেলায় যত খুশি খেলোয়াড় বদলানো যায়, ম্যাচে ব্যবহৃত বলটি ছোট, শক্ত এবং কম লাফায়, যার ফলে বল নিয়ন্ত্রণ সহজ ও সূক্ষ্ম পাসের গুরুত্ব বাড়ে।

ইতিহাসের পাতায় ফুটসাল!

ফুটসালের জন্ম ১৯৩০ সালে উরুগুয়ের মোন্তেভিদেও শহরে। হুয়ান কার্লোস সেরিয়ানি নামের এক শিক্ষক ওয়াইএমসিএ-এর জন্য একটি নতুন ইনডোর খেলার নিয়ম তৈরি করেন। তিনি ফুটবল, বাস্কেটবল, ওয়াটার পোলো এবং হ্যান্ডবলের নিয়ম থেকে অনুপ্রাণিত হয়ে এক নতুন খেলার ভিত্তি গড়ে তুলেছিলেন। ১৯৩৩ সালে প্রকাশিত হয় ফুটসালের প্রথম নিয়মাবলী লেখা বই। এরপর ওয়াইএমসিএ-র মাধ্যমে পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে এই খেলা।

বিস্তার ও বিশ্বজনীনতা!

১৯৬৫ সালে গঠিত হয় দক্ষিণ আমেরিকান কনফেডারেশন Confederación Sudamericana de Fútbol de Salón। সাংবাদিক হোসে আন্তোনিও ইংলেস এই খেলার নাম দেন “ফুটসাল”, এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সালের ৭ই সেপ্টেম্বর ফুটসালের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে উপস্থিত ছিল ৫৬,৪৮৩ দর্শক—যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংস্থা ও শাসনব্যবস্থা!

বর্তমানে ফুটসাল পরিচালিত হয় দুটি প্রধান সংস্থার মাধ্যমে। AMF (Asociación Mundial de Futsal): এটি মূল সংগঠন, যেটি ঐতিহ্যগত ফুটসাল পরিচালনা করে, এবং FIFA: পরবর্তীতে ফুটসালের প্রতি আগ্রহী হয়ে নিজস্ব নিয়ম ও প্রতিযোগিতা চালু করে। এছাড়াও IFA (International Futsal Alliance) নামের একটি জোট রয়েছে, যারা ফুটসালের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে, যার মধ্যে রয়েছে ২০১৭ সালের নারীদের বিশ্বকাপ এবং ২০১৯ সালের পুরুষদের বিশ্বকাপ।

ইতোমধ্যে বাংলাদেশেও ফুটসাল হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। যার সুবাদে কদিন আগে ফুটসাল খেলোয়াড়দের ট্রায়াল নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসির ডাকে সাড়া দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ফুটসাল দল অংশ নিবে এশিয়ান কাপ বাছাইয়ে। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ট্রায়াল থেকে ৬৩০ খেলোয়াড়ের মধ্যে ৫২ খেলোয়াড় বাছাই করেছে বাফুফে। সুতরাং বলা যায়, ছোট মাঠে খেলা হলেও ফুটসাল আজ বড় এক স্বপ্নের নাম হয়ে উঠছে হাজারো তরুণ খেলোয়াড়ের চোখে।

This platform is proudly developed and supported by Trenza Softwares